জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংস্থাটির সদর দপ্তরে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় একটি বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল দলের পর্যবেক্ষণ তুলে ধরবেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, মঙ্গলবার রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। তার সঙ্গে রয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। আগামীকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির লন্ডন থেকে নিউইয়র্কে গিয়ে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, এ সফরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হতে পারে।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, আলোচনার বিষয়বস্তু আগামী জাতীয় নির্বাচন হলেও দেশের সার্বিক অবস্থা তুলে ধরবে প্রতিনিধি দল। এ জন্য একটি লিখিত বক্তব্য তৈরি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পত্রিকার খবর ও ছবিও উপস্থাপন করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তার মুক্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া এবং হত্যা, গুম, নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির বিষয়টিও জাতিসংঘকে অবহিত করা হবে।
বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি। কয়েকজন নেতা বলেন, বিষয়টি তারা জানেনই না।
গত ২৪ আগস্ট জাতিসংঘ মহাসচিবের পক্ষে রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর একটি চিঠি পাঠান। এতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় দুঃখ প্রকাশ করে দলের নেতাদের জাতিসংঘের সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়।
সূত্র জানায়, গত সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে একজন নেতা জাতিসংঘ মহাসচিবের চিঠির প্রসঙ্গ তুললে মির্জা ফখরুল বিষয়টি স্বীকার করেন এবং নেতাদের এ বিষয়ে অবহিত করেন। (শীর্ষ নিউজ)





