গত ৬ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যে বলেছেন “সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবির দায়ী। যারা শিবির ছিল তারাই হুজি, তারাই জেএমবি এবং তারাই আনসারুল্লাহ বাংলাটীম।”
বিবিসিতে প্রচারিত প্রতিবেদনে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রদত্ত এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষে এই নিন্দা জ্ঞাপন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।
বিবৃতিতে জনাব আজাদ বলেন, বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের বরাত দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য প্রচার করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।
আজাদ বলেন, যারা ছাত্রশিবির ছিল তারা হুজি, জেএমবি, আনসারুল্লাহ বাংলাটীম হওয়ার প্রশ্নই আসেনা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্নকরার হীন উদ্দেশ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী বিবিসিকে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন।
জামায়াতের এই নেতার দাবি, "তারা ইতোপূর্বেও বহুবার এ ধরনের মিথ্যা বক্তব্য দিয়েছেন এবং আমরা যথারীতি তার প্রতিবাদ জানিয়ে বলেছি যে, কোন হত্যাকাণ্ডের সাথেই জামায়াত ও ছাত্রশিবিরের সম্পর্ক নেই।"
মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজাদ বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এমআইএস





