জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লাশ দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত তার বাসা ঘিরে ‘বাড়তি নিরাপত্তা’ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সেলিম মিয়া।

সেলিম মিয়া বলেন, গোলাম আযমের বাসার নিরাপত্তা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার সকাল থেকে মগবাজারের কাজী অফিস লেনের প্রবেশ পথসহ এর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, গোলাম আযমের লাশ সকাল থেকেই মগবাজারের বাসায় (১১৯/২ নম্বর বাসা) রাখা হয়েছে। জানাযা পর্যন্ত এখানেই লাশ থাকবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জামে মসজিদে জানাযা শেষে মগবাজারের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর দণ্ডপ্রাপ্ত অধ্যাপক গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মারা যান।

জেএ