দুইটি দলের ধারাবাহিক ব্যর্থতায় দেশবাসী আবার জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, দেশে এখন দুর্নীতি, লুটপাট আর দখলদারীর রাজত্ব কায়েম হয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে জাতিকে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত করতে হবে।
শনিবার বনানী কার্যালয়ে খুলনা জেলা জাতীয় পার্টির নেতাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘গত ২৪ বছর দেশে উন্নয়নের চাকা থেমে গেছে। অথচ আমার শাসনামলে প্রতিদিন ১ কি.মি. রাস্তা পাকা হয়েছে। আমি ৫০৮টি ব্রিজ, কালভার্ট করেছি। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের সাথে তুলনা করে মানুষ পরিবর্তন চায়। দুটি দলের ধারাবাহিক ব্যর্থতায় দেশবাসী জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়।’
এরশাদ বলেন, ‘সামনে আমাদের সুদিন অপেক্ষা করছে। আমাদের একটাই লক্ষ্য আগামী নির্বাচনে যেকোন মূল্যে ১৫১ আসনে আমাদের বিজয়ী হয়ে সরকার গঠন করতে হবে। সেজন্য এখন থেকে নিজ নিজ এলাকায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। ক্ষমতায় যেতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।’
খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া এবং খুলনা জেলা-উপজেলা নেতৃবৃন্দের মধ্যে ডা. এম. হাদিউজ্জামান, জোহর আলী মোড়ল, মোস্তফা কামাল জাহাঙ্গীর, ফরহাদ হোসেন, আব্দুল লতিফ জমাদ্দার, নারায়ণ চন্দ্র সরকার, আজগর হোসেন সাব্বির, মোতয়ালী শেখ, শহিদুল ইসলাম খোকন, এ্যাড. প্রশান্ত বিশ্বাস, মনোজ কুমার রায়, রিয়াজ উদ্দিন, জিয়াউল হক জিয়া, আব্দুল হাই সোহেল, শাহ মিরাজ কাইনাত, আব্দুল বারিক গাজী, আজিজুর রহমান, সুলতান মাহমুদ, আইজুদ্দি শেখ।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





