জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরী আজ শুক্রবার পার্টির প্রেসিডিয়ামের এক সভায় বলেছেন, মামলা দিয়ে নয়, রাজনৈতিক বক্তব্যকে পাল্টা রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়।
ড. রাব্বি সভাপতির ভাষণে আরো বলেন, সম্প্রতি ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তড়িঘড়ি মামলা দায়ের করে তাঁর বাসভবনের ফটকে সমন লটকিয়ে দিয়ে আদালতে হাজির হবার নির্দেশনামা দায়ের করা হয়েছে।
যা কেবল মধ্য যুগীয় নায়েব-গোমস্তাসুলভ আচরণের সঙ্গেই তুলনীয়। এই হাস্যকর ও ন্যক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।
জাতীয় পার্টির প্রেসিডিয়ামের এই সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করা হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, বিশেষ করে পুলিশ বাহিনীর কতিপয় চাঁদাবাজ-দুর্নীতিবাজ, বিপদগামী সদস্যের বেপরোয়া কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সর্বোপরি সন্ত্রাস ও চরম সামাজিক অস্থিরতা রোধকল্পে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সত্যিকারের গণতান্তিক সরকার প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, প্রফেসর ডা: শহীদুল ইসলাম, এ্যাডভোকেট মওলানা রুহুল আমিন, এ্যাডভোকেট হোসনে আরা আহসান, আনিসুর রহমান মানিক, জাফরউল্লা খান চৌধুরী (লাহরী), এ্যাডভোকেট সফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ্জ্ব সেলিম মাস্টার প্রমুখ।
এসএইচ





