বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। ভোট কেন্দ্র ছিল ফাঁকা। ভোটকেন্দ্রে ভোটার দেখা যায়নি। অনেক কেন্দ্রে কুকুর বসে থাকতে দেখা গেছে।

আজ (রোববার) বিকেলে জয়পুরহাটের রামদেও বাজলা স্কুল মাঠে এক জনসভায় বেগম খালেদা জিয়া এসব মন্তব্য করেন।
বেগম জিয়া বলেন, ভোটকেন্দ্রে জনগণ না থাকলেও সেখানে আওয়ামী লীগের লোকেরা উপস্থিত হয়ে ব্যালট বাক্সে ছিল মেরেছে।

তিনি বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোর লাইভ সম্প্রচারে এবং প্রতিবেদনে জাল ভোটের দৃশ্য জনগণ প্রত্যক্ষ করেছে। দেশের সাংবাদিকরা দেখেছে কিভাবে জাল ভোটের মহোৎসব হয়েছে।

তিনি বলেন, একদিকে ১৫৪জন সংসদ সদস্য বা জনপ্রতিনিধি কোন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন, অপরদিকে ১৪৬টি আসনে ৫শতাংশ ভোটও পড়েনি।

বেগম জিয়া সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, জনগনের ভোট ছাড়া কিভাবে জনপ্রতিনিধি হওয়া যায়? জনগনের সমর্থন ছাড়া নির্বাচিত এসব প্রতিনিধিদের কোন বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধান বিরোধী দলসহ বিরোধী জোটের বয়কটের মুখে সরকার একতরফা নির্বাচন দিয়েছে। আর জনগণও নির্বাচনে ভোট দিতে যায়নি। সুতরাং জনগণ বিরোধী জোটের পক্ষেই রায় দিয়েছে।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি