জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
ওই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলে জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।
নাসিম সাংবাদিকদের বলেন, মানববন্ধনের আগে ১৪ জুন ঝিনাইদহে নিহত পুরোহিতের বাসায় যাবেন ১৪ দলের নেতারা।
“রোজার পর গ্রামেগঞ্জে ১৪ দল টিম করে লাগামহীনভাবে গুপ্তহত্যার বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে।”
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুপ্তহত্যা হচ্ছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “অত্যন্ত কাপুরুষোচিতভাবে গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। অশুভ লক্ষ্য অর্জনের জন্যই এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যখন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, আন্তর্জাতিক সম্মেলনগুলোতে শেখ হাসিনা যখন গুরুত্ব পাচ্ছেন, দেশ যখন উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে, শান্তির দ্বীপে পরিণত হতে যাচ্ছে; তখন সুপরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।”
গুপ্তহত্যায় জড়িতদের রক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ঘোমটা খুলে' নেমেছেন দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “খালেদা বলেছেন, আওয়ামী লীগের নেতারা নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত। এর মাধ্যমে তিনি খুনিদের প্রকাশ্যে প্রটেকশন দিচ্ছেন। তার এ চরিত্র নতুন নয়। এর আগে তিনি এবং তার স্বামী যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন।
“খালেদা জিয়া নগ্নভাবে, ঘোমটা খুলে নিয়েছেন খুনিদের রক্ষা করতে। যারা মারা গেছেন, তাদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনিদের তিনি প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।”
জঙ্গি দমন না হওয়া পর্যন্ত পুলিশ যেন অভিযান অব্যাহত রাখে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সে আহ্বান জানান নাসিম।
এমআইএস





