শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হিন্দু সম্প্রদায়ের সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার এক বাণীতে এ অভিনন্দন জানান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, যে কোনো ধর্মীয় উৎসব সম্প্রদায়ের ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়। মানবসমাজের মধ্যে এক অনন্য ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। আনন্দরূপ বিনম্রতায় সমাজে সবাইকে এক গভীর শুভেচ্ছাবোধে আপ্লুত করে।

‘সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি একসময়ে যখন সমাজে অত্যাচারী রাজার নিষ্ঠুর অত্যাচার ও দুঃশাসন কায়েম ছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন।’

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমরা সব ধর্মের মানুষের সম-অধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।’

এম এ