বহুদিন থেকেই শোনা যাচ্ছে সাকা পুত্র হুম্মাম রাজনীতিতে আসছেন, হাল ধরবেন বাবার রেখে যাওয়া কাজের, তারই যেন বাস্তবতা হতে যাচ্ছে। বিএনপির কার্যনিবাহী সদস্য পদে রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে সাকা পুত্র হুম্মামের। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কার্যনির্বাহী সদস্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাবার যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন বৃহস্পতিবার হুম্মামকে পুরান ঢাকার আদালত পাড়া থেকে ডিবি পরিচয়ে ধরে নেওয়া হয় বলে তার পরিবার ও আইনজীবীদের অভিযোগ। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
হুম্মামের চাচা গিয়াস কাদের চৌধুরীও নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন।
হুম্মামের সঙ্গে সদস্য পদে এসেছেন খন্দকার মোশাররফের ছোট ছেলে খন্দকার মারুফ, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুর রায় চৌধুরী।
সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাকেও নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। সদস্য করা হয়েছে সাবেক সংসদ সদস্য দুর্ঘটনায় নিহত হেমায়েত হোসেন আওরঙ্গের স্ত্রী তাহমিনা খান আওরঙ্গকেও। কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এবারও নির্বাহী কমিটিতে রেখেছেন খালেদা জিয়া।
এসএ/টাইম





