লন্ডনে শহীদ আলতাব আলী পার্কে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় দলের আটজন আহত হয়েছে। এঘটনা লন্ডন মোট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।

মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী যুব মহিলালীগ ও এর অন্যান্য অঙ্গ-সংগঠন সমূহের নেতাকর্মীরা শহীদ আলতাব আলী পার্কে তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলে কটূক্তি করে এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় মিলিত হন।

জানা যায়, ওই সময় একই জায়গায় যুক্তরাজ্য যুবদল, যুব মহিলাদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের সভার স্থলে ঢুকে পড়েন এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি শ্লোগান ও একে অন্যের নেতাদের নিয়ে মারমুখী শ্লোগানে মুখরিত করে তুলেন।

আওয়ামী লীগের একটি সূত্র দাবি করছেন, তাদের যুব মহিলা লীগের কর্মসূচিতে যুবদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা দখলে নিয়ে নেত্রীদের উপর আক্রমণ করেছেন। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কুশপুত্তলিকায় অগ্নি সংযোগ করেছেন।

এদিকে বিএনপির সূত্র বলেছেন, মহিলা নেত্রীদের আক্রমণ নয় বরং উভয় দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।  

মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন, তাদের মতে, দু’পক্ষই একে অন্যকে লক্ষ্য করে উত্তেজিত বক্তব্য দিতে শুরু করেন ও হট্টগোল করেন। এ সময় পেছনে থাকা কর্মীদের মধ্যখান থেকে এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দেয়ার ভঙ্গিতে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের সমাবেশ ও মিছিলের সামনে থাকা মহিলা দলনেত্রী ও কর্মীবৃন্দ আটকা পড়ে যান। এসময় ধাওয়া, পাল্টা ধাওয়ায় যুব মহিলালীগের কয়কেজন নেত্রী ও কর্মী আহত হন বলে জানা গেছে। অপরদিকে বিএনপির যুব মহিলা দলের একজনও আহত হয়েছেন।

একটি সূত্র জানিয়েছেন, আওয়ামী যুব মহিলালীগ তাদের পূর্ব নির্ধারিত স্থানে বিএনপির যুবদলের, স্বচ্ছোসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নিলে তারা আলতাব আলী পার্কের বাইরের সামনের অংশে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন।

বিএনপির সূত্র দাবি করেছেন, আওয়ামী যুব মহিলালীগ এসময় ঝাড়ু মিছিল করছিলেন। অপরদিকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহীদ মিনারের কাছে থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে শ্লোগান দিতেছিলেন।

সংঘর্ষে উভয় পক্ষের ৭-৮ জন আহত হয়েছে। মহিলা আওয়ামী লীগের সূত্র দাবি করেছেন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন ও সাধারণ সম্পাদিকা সাজিয়া স্নিগ্ধা সংঘর্ষে আহত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির উপরের লেভেলেরে নেত্রী স্থানীয় নেতাদরে সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংঘর্ষ চলাকালীন সময়ে পথচারীদের ফোনে মেট্রোপলটিন পুলিশের একটি দল উপস্থিত হলে উভয় দলই সভাস্থল ত্যাগ করেন ধীরে ধীরে। এসময় পুলিশ সমাবেশস্থল থেকে তিনজনকে আটক করেছিলো বলে জানা গেলেও পরবর্তীতে যোগাযোগ করে জানা গেছে পুলিশ আটক তিনজনকেই নাম ঠিকানা রেখে দিয়ে ছেড়ে দিয়েছে।

এদিকে, গত ১৫ ডিসেম্বর তারেক রহমানের বক্তব্যকে ঘিরে যুক্তরাজ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ যুবলীগ মহিলালীগ সহ অন্যান্য নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশিত হচ্ছে। কমিউনিটিতেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এর আগে যুক্তরাজ্য আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমানের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একদল আরেকদলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেলের দিকে যুক্তরাজ্য তরুণ লীগের একদল নেতাকর্মী পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জড়ো হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ করে প্রতিবাদ সভার আয়োজন করেন ।

কেএইচ