বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈদুল আজহার দিন রাজধানীতে মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এসে মিছিল শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিল শেষে প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, চারবারের সর্বাধিক জনপ্রিয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভয়াবহ অসুস্থতার পরও এই সরকার তাঁর প্রতি আরও হিংস্র হয়ে উঠেছে। দেশের কোনো বিশেষায়িত হাসপাতালে তাঁকে চিকিৎসার সুযোগ না দিয়ে প্রতিনিয়ত বিভিন্নভাবে জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে।

রিজভী বলেন, আজ ঈদুল আজহার দিনেও খালেদা জিয়ার মনে আনন্দ নেই। কারণ তাঁকে অন্যায় ও অবিচারমূলকভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে। ব্যক্তিগত আক্রোশের শিকার খালেদা জিয়াকে কারাবন্দী রেখে তিলে তিলে নিঃশেষ করতে পারলেই সরকারের লক্ষ্য পূরণ নিশ্চিত হবে।

রিজভী বলেন, ‘দেশের জনগণসহ জাতীয়তাবাদী শক্তি খালেদা জিয়াকে কারামুক্ত করতে প্রবল সাহস ও উদ্যম নিয়ে রাজপথে নেমে আসবে। আমি এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’

মিছিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, তাঁতী দলের সদস্যসচিব মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, বিএনপির নেতা জামাল উদ্দিন, ছাত্রদল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এমআর