বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররাম হোসাইন খান বলেছেন, সরকার জামায়াতকে নেতৃত্বশুণ্য করে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ইসলামপ্রিয় সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না।
তিনি সরকারকে জিঘাংসা ও প্রতিক্রিয়াশীল রাজনীতি পরিহার করে অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় ইতিহাস আওয়ামী লীগকে ক্ষমা করবে না।
মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবীতে রোববার রাজধানীতে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি রামপুরা টিভি কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য শামসুর রহমান ও সগীর বিন সাঈদ, মুতাসিমবিল্লাহ, সাইদুর রহমান, সবুজবাগ থানা সেক্রেটারি আব্দুল বারী, শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি শরীফ ও ছাত্রনেতা সোহেল রানা মিঠু প্রমুখ।
অধ্যাপক খান বলেন, ‘মাওলানা মতিউর রহমান নিজামী একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রথিতযথা রাজনীতিক ও অভিজ্ঞ পার্লামেন্টারীয়ান।
তিনি তার নির্বাচনী এলাকা থেকে দু’বার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিভিন্ন সময়ে জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ও ঐতিহাসিক ভূমিকা পালন করে চিরস্মরণীয় হয়ে আছেন। তাই এই বরেণ্য জাতীয় নেতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই জনগণ বরদাস্ত করবে না।’
এমকে





