ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান বলেছেন, মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী ৭ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। ৭ ধরণের অপরাধ হলো- হত্যা, গণহত্যা, উস্কানী, রাষ্ট্রদ্রোহ, ধর্মান্তরিত করা, নির্যাতন, লুটপাট।
মঙ্গলবার বেলা ১১টায় ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩৩৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করেছে তদন্ত সংস্থা  কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি বরাবর দাখিল করা হবে। এরপর রাষ্ট্রপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করবে।
তিনি বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস এ দেশের মানুষের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আর পাকিস্তানের এ হত্যাযজ্ঞে সহযোগিতা করে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলাম ও তার সহযোগী সংগঠন আল বদর, রাজাকার ও তৎকালীন দৈনিক পত্রিকা ও দলটির মুখপাত্র সংগ্রাম পত্রিকা সব মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল। সাংগঠনিকভাবে এর কেন্দ্রবিন্দুতে ছিল জামায়াতে ইসলামী।
গত বছরের ১৮ আগস্ট জামায়াতের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রায় ৮ মাস পর বিভিন্ন নথিপত্র, স্থান পরিদর্শন করে জামায়াতের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করা হয়েছে।
[b]ঢাকা, জিই, ২৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]