ঢাকা ছাড়া দেশের সব মহানগরী ও জেলায় বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঢাকায় আদালত চত্বরে প্রবেশের সময় এবং বগুড়ায় মিছিলে নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও আটকের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির ঘোষণা করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আদালত চত্বরে প্রবেশকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে বুধবার দুপুর ২টায় বগুড়া শহরের সাথমাথাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিএনপির মিছিলকে লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখিতিয়ারসহ ১০ জনকে আটক করে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





