১ সেপ্টেম্বর দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রামান্য আলোকচিত্র প্রদর্শন করবে বিএনপি। রোববার সকাল ১০টা থেকে দিনব্যাপী জাতীয় প্রেসক্লাবের ৩ তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রামাণ্যচিত্রে দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত নানাবিধ কর্মকাণ্ড গুরুত্ব পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে ওই দিন আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বলা হয়েছে।
অন্যদিকে দলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
ওইদিন বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ এবং এরইমধ্যে ঢাকাসহ দেশব্যাপী পোস্টার প্রকাশ করেছে বিএনপি।
ঢাকা, এমএইচ, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





