অবরোধ, হরতাল এবং বোমা মেরে মানুষ মারার বিরুদ্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বলেন, দেশের অর্থনীতির ক্ষতি করে সাধারণ মানুষকে পুড়িয়ে মারে এমন হরতাল অবরোধ বন্ধে সরকারের পাশে থাকবে বিরোধী দল জাতীয় পার্টি।
সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে আহবান জানিয়ে বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। যে ভাবে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে, আগুন দিয়ে গাড়ি জ্বালিয়ে দেশের সম্পদ ধ্বংস করা হচ্ছে তা বন্ধ করা আপনার দায়িত্ব।
তিনি খালেদা জিয়াকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, যদি ভোটের রাজনীতি করেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেন, মানুষের কল্যানে রাজনীতি করেন , তাহলে এই মানুষ মারার অবরোধ হরতাল বন্ধ করতে হবে।
রওশন এরশাদ বলেন, এক সময় বিএনপি নেতৃ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের মানুষের এতো বড় ক্ষতি কি করে করলেন সেটাই প্রশ্ন।
বিরোধীদলীয় নেতা আরো বলেন, এই হরতাল অবরোধে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা দিয়ে দেশে আরো দুটি পদ্মা সেতু নির্মান করা যেত।
বিরোধী দল জাতীয় পার্টি এই হরতাল অবরোধ বন্ধে একটি উপায় খোঁজার জন্যও সরকারের প্রতি আহবান জানান।
রওশন এরশাদ বলেন, এখন সময় এসেছে, মানুষ মারার হরতাল অবরোধ বন্ধে একটি ব্যবস্থা গ্রহণের।
তিনি আক্ষেপ করে বলেন, অনেকে মনে করেন, সংসদে বিরোধী দল হিসেবে তার দল জাতীয় পার্টি কোন ভূমিকা রাখছে না। এটা তাদের ভুল ধারনা।
কারণ, এর আগের বিরোধীদলগুলো সংসদে গালিগালাজ করতো, ইচ্ছে হলেই সরকারের বিরোধিতা করতো, টেবিল চাপড়াতো, উচ্ছৃঙ্খল আচরণ করতো ।
তিনি বলেন, আমারা নতুন ধারার সূচনা করেছি। যেখানে সরকারের পাশে থেকে দেশের উন্নয়নে সহযোগিতা করে যাবো। যে সব কাজে সরকারের বিরোধিতা করা দরকার সে সব ক্ষেত্রে গঠনমূলক বিরোধিতা করবো। এটাই হচ্ছে সত্যিকারের একটি বিরোধী দলের ভূমিকা।
রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি মানুষের যে বীতশ্রদ্ধ অবস্থা তৈরি হয়েছে, জাতীয় পার্টি সেই অবস্থা পরিবর্তনে কাজ করছে, আস্থা অর্জনের চেস্টা করছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন বিরোধী দলীয় নেতা।
জেআই





