বিএনপির আন্দোলনে জনগণ সাড়া না দেওয়ায় তারা এখন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে। তাই দিনে নয়, রাতেই তাদের আনাগোনা বেশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত “বর্তমান প্রেক্ষাপটঃ চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্যদের নিয়ে বেগম খালেদা জিয়া রাতে মিটিং করেন। বিএনপি এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে যে দলের জন্মই অবৈধ ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদের কাছে জাতি ভাল কিছু আশা করে না।
কিশোরগঞ্জে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচান করে তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে খালেদা জিয়া আবোল-তাবোল পাগলের প্রলাপ শুরু করেছেন। যুদ্ধাপরাধীদের একের পর এক ফাঁসির রায় ঘোষণা হওয়ায় তিনি সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের ন্যায় যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশয় দেয়ার জন্য ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া দরকার। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানেরও বিচার হওয়া দরকার।
তিনি বলেন, খালেদা জিয়া যতই চেষ্টা করুক না কেন শেখ হাসিনা বাংলার জনগণকে ভোট ও ভাতের অধিকার দিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এই গণতন্ত্রকে আজ হত্যা করার জন্য খালেদা জিয়া যত চেষ্টাই করুক না কেন তা কখনো সফল হবে না।
সংগঠনের সহ সভাপতি ড. ইনামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
এমআর





