বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার গঠন করতে পারলে যারা গুম করছেএবং যাদের নির্দেশে গুম করা হয়েছেকমিশন করে শাস্তির ব্যবস্থা করা হবে।
আজ (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই কথা জানান ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, দেশে মানুষ হত্যা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, “আজকে যারা গুম করেছে, তাদেরকে চিহ্নিত করা তো খুব কঠিন কিছু নয়। কমিশন করে যারা এর সঙ্গে জড়িত, উপরের ব্যক্তিরা যাদের নির্দেশে এদেরকে গুম করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি না পারি, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কিছু হতে পারে না।”
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য দেশব্যাপী গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হামলা ও মামলার পথ বেছে নিয়েছে।
এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করায় নির্বাচন কমিশনের সমালোচনাও করেন তিনি।
ড. খন্দকার মোশাররফ বলেন, “সকল গুমের পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের ইচ্ছা, সরকারের প্রয়োজনে এই গুমগুলো করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সরকার এই কাজগুলো করছে, গর্হিত অপরাধ করছে।”
এমবি





