গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা যেমন জরুরি তেমনি তাদের দায়িত্বশীল ভূমিকারও প্রয়োজনীয়তা রয়েছে। বহুমাত্রিক সামাজ গঠনের জন্য সংবাদপত্র অপরিহার্য বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (০২ মে) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘গণমাধ্যম চিত্র: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিবিসিতে ভুল সংবাদ প্রচার করায় একজনের চাকরি চলে গেছে। লন্ডনের একটি পুরানো পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে ভুল সংবাদ বা অসত্য সংবাদ প্রকাশের জন্য কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি।
ডিজিটাল সিকিউরিটি আইন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই আইন করা হয়েছে। এই আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, পুরো জাতির জন্য। এই আইনের অপপ্রয়োগ হচ্ছে না, তা নয়। এর অপপ্রয়োগ ঠেকাতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ প্রমুখ।
এসএম/এমবি





