৩৫ দলীয় জোট যুক্তফ্রন্ট চেয়ারম্যান, কৃষক শ্রমিক পার্টি- কেএসপি’র সভাপতি লায়ন সালাম মাহমুদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে যুক্তফ্রন্ট ৩০০ আসনে প্রার্থী দেবে।
আজ ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ যুক্তফ্রন্ট কার্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি- বিজিপি আয়োজিত সভায় তিনি একথা বলেন।
বিজিপি’র চেয়ারম্যান এ কে এম জুনাইদ এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়কারী, কৃষক শ্রমিক পার্টি- কেএসপি’র সাধারণ সম্পাদক ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ। বক্তব্য রাখেন ৩৫ দলীয় জোট যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
যুক্তফ্রন্ট চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
বাংলাদেশ এখন পারমানবিক যুগে প্রবেশ করেছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোয়া লেগেছে। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আগামীতে সকল দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন উপহার দেবেন ।
সেই নির্বাচনে শেরে বাংলা একে ফজলুল হকের আদর্শে উদ্ভাসিত ৩৫টি রাজনৈতিক দলের জোট যুক্তফ্রন্ট ৩০০ আসনে প্রার্থী দেবে।
যুক্তফ্রন্ট চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ আরো বলেন, বিকল্প ধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গত সপ্তাহে ৪ দলীয় জোট গঠন করে যুক্তফ্রন্ট নামকরণ করা হয়েছে।
আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন গণমাধ্যমে আমাদের প্রতিবাদ গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচার হয়েছে।
আমরা আশা করি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আ.স.ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং মাহমুদুর রহমান মান্নার ৪ দলীয় জোট যুক্তফ্রন্টের নাম পরিবর্তন করে অন্য নাম রাখবেন। 
এমএ