বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল এখন কৌতুকে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে রবিবার হরতালবিরোধী এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ওই মানববন্ধনের আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রতিবাদের ভাষা হরতালকে খালেদা জিয়া ও তার ২০ দলীয় জোট হাস্যকর করে ফেলেছেন। আগে এদেশে হরতাল ছিল গাড়ি-ঘোড়া চলবে না, দোকানপাট খুলবে না। এখন হরতাল মানে গাড়ি-ঘোড়া চলবে, দোকান-পাটও খুলবে, মাঝে মাঝে খালেদা জিয়ার বোমা বাহিনী সাধারণ মানুষের উপর বোমা মারবে।
হরতালে ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথে যানজট রয়েছে বলেও এ সময় দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
দেশের মানুষের জন্য খালেদা জিয়ার কোনো ভালবাসা নেই বলে ভালবাসা দিবসের দিন তিনি ৭২ ঘন্টার হরতাল দিয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিয়ে নাটক করা হচ্ছে দাবি করে তিনি বলেন, সেখানে এত মানুষের খাবার কেন প্রবেশ করতে হবে। সেখানে কি কোনো সন্ত্রাসীকে লুকিয়ে রাখা হয়েছে? জনগণ তা জানতে চায়। সরকারের কাছে খালেদা জিয়ার কার্যালয় তল্লাসী করার জন্যও এ সময় অনুরোধ করেন সাবেক এই মন্ত্রী।
তিনি আরও বলেন, এর আগে আমরা দেখেছি, খালেদা জিয়ার কার্যালয়ে কাঁচা তরিতরকারী, মাংস, মাছ নিয়ে যাওয়া হয়েছে। দলের নেতা-কর্মীরা তার জন্য এ সব নিয়ে গিয়েছেন। এ দেখে মনে হয় ওরশের সময় ভক্তরা যেমন ভাবে বিভিন্ন কিছু নিয়ে যায়, খালেদা জিয়াও তেমন ওরশের আয়োজন করেছেন।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় নগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ





