সারা দেশে চলমান হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়িয়েছে ২০ দল।

চলমান হরতাল শেষ হওয়ার আগেই মঙ্গলবার এ ঘোষণা দেয়া হলো।দুপুরে ২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এখনো পর্যন্ত গণদাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না দিয়ে সরকারের পেটোয়া যৌথবাহিনী কর্তৃক নরহত্যা চালিয়ে যাওয়া, দেশব্যাপী ২০ দলীয় নেতা-কর্মীদেরকে নির্বিচারে খুন, গুম, হামলা-মামলা ও গণগ্রেফতার, সংবাদকর্মী নির্যাতন এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থার ওপর সরকারি নগ্ন হস্তক্ষেপ, বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।’

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ দেশের সকল গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ। সংবিধান স্বীকৃত সকল মৌলিক অধিকার ও মানবাধিকার, ভোটের অধিকার, জনপ্রতিনিধিত্ত¡শীল সরকার প্রতিষ্ঠা ও ভোটারবিহীন জবরদখলকারী অবৈধ সরকারের পতনের জন্য চলমান গণআন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত প্রায়।

তিনি বলেন, প্রতিদিন আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হচ্ছে কালো রাজপথ। গতকালও সিরাজগঞ্জের উল্লাপাড়ার জামায়াত নেতা সাইদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী। বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আইনের ছাত্র আরিফুল ইসলাম মুকুলকে একইভাবে ডিবি পুলিশ হত্যা করে এবং রুপনগর থানা বেড়িবাঁধ এলাকায় লাশ ফেলে রেখে যায়। আমরা ঠান্ডা মাথার এইসব হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করছি। দেশপ্রেমিক গণতন্ত্রকামী আন্দোলনকারীদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। সমগ্র দেশকে মৃত্যুপুরীতে পরিণত করলেও এই অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র মুক্তি আন্দোলনকে কলুষিত করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই 'অবৈধ' সরকার। প্রতিদিন সরকারি এজেন্টদের মাধ্যমে পেট্রোল বোমা হামলা চালিয়ে তার দায়-দায়িত্ব বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়েই যাচ্ছে এই দানবীয় সরকার। কিছু সংখ্যক সরকারী মদদপুষ্ট ও নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এই অপপ্রচারে রীতিমত প্রতিযোগিতায় নেমেছে।


'আমরা বারংবার দাবি করছি- এইসব জঘন্য কর্মকান্ডের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক।'

'তত্তবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করে সুষ্ঠু ও অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ঘোষনা না দেয়া পর্যন্ত চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার জন্য জনদাবীর পক্ষে আমরা দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।'

বিএনপি ও ২০ দলীয় জোট গণতান্ত্রিক অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। এ পর্যন্ত অত্যন্ত কষ্ট স্বীকার করে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম হরতাল-অবরোধ অব্যাহত রাখার জন্য সমগ্র দেশবাসী, বিএনপি ও ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সাথে ঐক্যমত পোষণকারী সকল রাজনৈতিক শক্তি ও ব্যক্তিকে আমি অভিনন্দন জানাই।

বিএনপি ও ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও গণতন্ত্রকামী সকল দেশপ্রেমিক জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানাচ্ছি।

এর আগে গত শুক্রবার অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রোববার থেকে ঢাকাসহ সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

এএইচ