গত ৭ ডিসেম্বর বিকেলে গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে “নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি” প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে জামাময়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা কটাক্ষপূর্ণ ও অশালিন। এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। তার এ বক্তব্যে দেশবাসী বিস্মিত হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে এ ধরনের কটাক্ষপূর্ণ, অগণতান্ত্রিক, অশালিন ও অসৌজন্যমূলক বক্তব্য দেশবাসী আশা করে না।
বর্তমানে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে তা থেকে উত্তরণের একমাত্র পথ একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। এ ধরনের নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রধানতম দায়িত্ব বর্তমান সরকারের। সেদিকে ভ্রুক্ষেপ না করে প্রধান বিরোধী দলকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী অশালিন ও কটাক্ষপূর্ণ মন্তব্য করে প্রমাণ করলেন যে, তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান না। তারা ২০ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রেখে পুনরায় ২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন একতরফা নির্বাচনের নাটক করতে চান। তাদের এ ধরনের নির্বাচনের প্রয়াস দেশবাসী মেনে নিবে না। ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের অপচেষ্টা চালানো হলে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করবে। প্রহসনের নির্বাচনের অপপ্রয়াস চালানো হলে তার পরিণতি কারো জন্যই শুভ হবে না।
তিনি একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির স্বার্থে এ ধরনের কটাক্ষপূর্ণ, উস্কানীমূলক ও অশালিন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বিজ্ঞপ্তি





