বিএনপির শাসনামলে খালেদা জিয়ার হাতে যারা খুন হয়েছেন, তাদের নিয়ে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘কথায় কথায় আমাকে খুনি বলেন। আয়নায় নিজের চেহারা দেখুন, কে খুনি? গাইবান্ধায় সারের দাবিতে আন্দোলনরত কৃষকের উপর গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছেন। কানসাটে বিদ্যুৎ চাওয়ায় ২০ জনকে হত্যা করেছেন। সবার তালিকা আমাদের কাছে আছে। সুযোগ পেলে স্মৃতিসৌধ করবো।’
বুধবার সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
হুসেইন মুহম্মদ এরশাদ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকতে জঙ্গিবাদ সৃষ্টি করেছেন। ৬৪ জেলায় একযোগে বোমা হামলা করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে রাষ্ট্রপতির স্ত্রীকে হত্যা করেছেন। এর হিসাব একদিন নিবো। হিসাব আপনাকে দিতে হবে। এবার আপনিই বলুন খুনি এরশাদ, না কি আপনি?’
দেশে এখন হিংসার রাজনীতি চলছে দাবি করে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘গণতন্ত্র মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর। এদেশে হিংসার রাজনীতি শুরু করেছে বিএনপি। অথচ এখন গণতন্ত্রের কথা বলেন। আমাকে জেলে পাঠিয়েছিলেন। আমাদের দলকে মিটিং করতে দেননি। তখন ক্ষমতার কথা মনে ছিল না?’
এরশাদ সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের খুন-গুম করেছে পাকিস্তানীরা। এখন তো স্বাধীন দেশ। এখন প্রতিদিন কেন খুন-গুম হবে? কেন বিশ্ববিদ্যালয় বন্ধ হবে? এসব কুশাসনের ফল। জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’
এরশাদ আক্ষেপ করে বলেন, ‘এখন দেশে জীবনের মূল্য নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। কে কখন খুন হবে, তা কেউ জানে না। আমরা এর পরিবর্তন চাই।’
আবারও ক্ষমতা পাওয়ার সম্ভাবনা রয়েছে দাবি করে এরশাদ বলেন, ‘এবার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে, হানাহানি থাকবে না। প্রত্যেক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে।’
এখন ইয়াবা ব্যবসায়ীরা রাজনীতি করছে দাবি করে এরশাদ বলেন, ‘এখন ইয়াবা ব্যবসায়ীরা রাজনীতি করছে। ইয়াবা ব্যবসায়ীদের শতাধিক তোরণ বানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। টাকাই এখন সব যোগ্যতা। এই টাকা আমরা চাই না। আমরা এর পরিবর্তন করবো।’
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ হান্নান, এসএম ফয়শল চিশতী, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।
জেআই





