বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার যত ষড়যন্ত্রই করুক, ৪৮ ঘণ্টা সময় পেলে বাংলাদেশের যেকোনো জায়গায় বিএনপির কাউন্সিল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে বটগাছের নীচে অথবা কারো বাসার ছাদে কাউন্সিল করবো।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নোমান বলেন, ‘আমরা কাউন্সিল করার জন্য সরকারের কাছে জায়গা চেয়েছিলাম। কিন্তু সরকার তা দিচ্ছে না। সরকার চায় না বিএনপির কাউন্সিল সফল হোক। কিন্তু আমরা নির্ধারিত তারিখে কাউন্সিল করবো। সরকার জায়গা না দিলে দেশের যে কোনো জায়গায় কাউন্সিল করবো। প্রয়োজন হলে বটগাছের নীচে অথবা কারো বাসার ছাদে হলেও কাউন্সিল হবে।’

ইউপি নির্বাচন প্রসঙ্গে নোমান বলেন, ‘বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে। কিন্তু সরকার সে পরিবেশ সৃষ্টি করছে না। বিএনপি নির্বাচনকে ভয় পায় না। কিন্তু নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

ইসির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বোচনের জন্য লেভেলপ্লেইং ফিল্ড কার্যকর করুন এবং সবার বিশ্বস্ততা অর্জন করুন।’

রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া হয়েছে তাতে সরকার পরাজিত হবে এবং জয় হবে খালেদা জিয়ারই। এই মামলা খালেদার বিরুদ্ধে নয়, এই মামলা দেশের একটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে।’

নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ।

এমএইচ