বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ঈদের পরে যে আন্দোলন হবে সেই আন্দোলন করা হবে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের জনগণের অধিকার রক্ষার জন্য।

বৃহস্পতিবারসন্ধ্যায় রাজধানীর হোটেল রূপসী বাংলায় এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অবৈধ সরকার হটানোর জন্য নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলন করা হবে। সেই আন্দোলনে দেশের সকল নাগরিকদের মত কৃষিবিদদের অংশ নেয়ার আহবান জানান।

কৃষিক্ষেত্রে তার সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আমরা সরকারে থাকতে দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলাম যার সুফল দেশের অর্থনীতিতে পড়েছে।

সে প্রসঙ্গে তিনি কৃষকদের জন্য ৫হাজার টাকা কৃষিঋণ সুদ-আসলে মওকুফ করার তুলে ধরেন।

আয়োজক সংগঠনের আহবায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়াও সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, শেরে বাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.এ এম ফারুক, কৃষি মন্ত্রণালয়ের সাবেক পরিচালক কৃষিবিদ মাসুম সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার আ ন হ আকতার হোসেন, বিএডিসির সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ কৃষিবিদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাভোকেট ডা.এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর