নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার বিষয়ে সাংবাদিকদের জরুরি ব্রিফিংয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদে আছেন বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, ‘হামলায় ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।’
আবদুল মোমেন বলেন, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো মিশন নাই। তাই আমরা ভিন্নভাবে খবর সংগ্রহ করছি। যতটা জেনেছি, ওই হামলায় এক বাংলাদেশি (হবে দুই বাংলাদেশি) নারীসহ ৩০ জন (হবে ৪৯ জন) নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘হামলার খবর আমরা পেয়ে খুব চিন্তিত ছিলাম। কারণ আমাদের ক্রিকেট টিম ওখানে ছিল। সৌভাগ্যের বিষয় ক্রিকেটাররা মসজিদে পৌঁছার আগেই গোলাগুলি হয়। তারা নিরাপদে রয়েছেন।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন পর্যন্ত খবর অনুযায়ী ক্রাইস্টচার্চে দুটি মসজিদে একসঙ্গে হামলা হয়েছে। আমাদের হাইকমিশনারের সঙ্গে আমার আলাপ হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলাকারী চারজন ধরা পড়েছে। এদের মধ্যে তিন পুরুষ ও এক নারী রয়েছেন।’
















