বিএনপি কে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজনৈতিক ভুলের কারনে বিএনপির এই পরিনতি হয়েছে বলে তিনি জানান।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার অযোগ্য নেতৃত্বের কারণে বিএনপির এখন দৈন্য দশা। তাই তার উচিত বিএনপি থেকে পদত্যাগ করা। আর বিএনপির বেশ কয়েকজন নেতা আমাদের বলেছেন, তারা খালেদা জিয়ার পদত্যাগ প্রত্যাশা করছেন।

খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার অভাবের উদাহরণ হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ার কথা উল্লেখ করেন তিনি। হাছান মাহমুদ বলেন. অনেক নেতাই আমাদের বলেছেন, ওই সিদ্ধান্ত ছিল বিএনপির জন্য আত্মঘাতী।

ভারতীয় সংসদে ছিটমহল সর্ম্পকিত চুক্তি পাস হওয়ার পর খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর এত বড় কূটনৈতিক সাফল্যে আমি আশা করেছিলাম, আপনি অভিনন্দন জানাবেন। অথচ আপনি নিন্দা করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই ভারতের দালালি করে না। আমরা প্রতিবেশীর সঙ্গে সুসর্ম্পক বজায় রেখে ন্যায্য হিস্যা আদায় করি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মাহমুদ বলেন, দেশে পেট্রোল বোমা হামলায় যে মানুষ মারা গেছে তার দায় আপনাকে নিতে হবে। আপনাকেই হুকুমের আসামি করা হবে। এ সম্পর্কিত অভিযোগের মামলার চার্জশিট দ্রুত দেয়ার আহ্বান জানান হাছান মাহমুদ।

শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।

ইআর