৩য় দফা উপজেলা নির্বাচনেও কারচুপি ও ভোট জালিয়াতির আশঙ্কা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, প্রথম দুই ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারের ক্যাডার বাহিনী যেভাবে কেন্দ্র দখল ও ভোট ছিনতাইয়ের মহা উৎসবে লিপ্ত ছিল। তৃতীয় ধাপেও ভোট ছিনতাইয়ের ছক আঁকছে আওয়ামী সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, অন্তত ভোট পূর্ববর্তী সময়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের আচরনে সে সম্ভাবনা আরো জোরালো হয়েছে।
নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, অবিলম্বে নির্বাচন কমিশন যদি এসব অনৈতিক কাজের বিরুদ্ধে অবস্থান না নেয় তবে জনগণকে সঙ্গে নিয়ে ইসি ঘেরাও করা কর্তব্য বলে মনে করবে বিএনপি।
রিজভী আহমেদ অভিযোগ করেন, নির্বাচনের আগেই শাসকদলের কর্মীস-মর্থকরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের খবর আসছে। আর এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা এ যুগ্ম মহাসচিব।
নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের অব্যাহত অনাচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বরং এসব অন্যায় অপরাধের মৌন বৈধতা দিয়েছে সরকারের ‘আজ্ঞাবহ’ এই প্রতিষ্ঠানটি। ক্ষমতাসীনদের প্রতি এমন আজ্ঞাবহ আচরন পূর্বে কোনো নির্বাচন কমিশন দেখায়নি।
তিনি বলেন, গত দুই ধাপের এসব নৈরাজ্যে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেও কোন লাভ হয়নি। প্রশাসনের প্রশ্রয়ে এসব নৈরাজ্য চলছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]