রাস্তায় নেমে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ করতে সরকারকে আহবান জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেকেও জাগ্রত হতে বলেন তিনি।

বুধবার জাতীয় পার্টির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এরশাদ এসব কথা বলেন। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেন এরশাদ।

বিএনপি-জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যারা নিজেদের ইসলামি মূল্যবোধের বিশ্বাসী বলে দাবি করে, তারা আজ কোথায়? তাদেরকে তো আজ প্রতিবাদ করতে দেখছি না।’

নিজেদের ইসলামের ধারক ও বাহক দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে আমরাই শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছি। ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দিয়েছি। ইসলামের প্রতীক আমরাই বহন করব।’

ইসরায়েলকে বিশ্বের কলঙ্ক বলে আখ্যা দিয়ে এরশাদ বলেন, ‘ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক ইসরায়েল।’

ইহুদি হত্যার প্রসঙ্গ হিটলারের বক্তব্য তুলে করে জাপা নেতা বলেন, ‘আজ বুঝতে পারছি হিটলার কেন ইহুদিদের হত্যা করেছিল।’

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র গঠনের স্থান দিয়েছিল দাবি করে তিনি বলেন, এ গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র সমানভাবে দায়ী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধাপরাধী অভিহিত করেন তিনি।

বাংলাদেশের পোশাক শ্রমিকনেতা আমিনুল হত্যার প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, এক শ্রমিকনেতা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র আমাদের পোশাক খাতের জিএসপি বাতিলের হুমকি দিয়েছিল। গাজায় নিরীহ লোকদের হত্যার ব্যাপারে যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নিয়েছে, তা তিনি জানতে চান।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই