আজ ১লা এপ্রিল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য ইঞ্জি. জেড. আই মোস্তফা আলী মুকুল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী এক যৌথ বিবৃতিতে বর্তমান ভোটারবিহীন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার জনগণের রক্ত নিয়ে হোলি খেলছে।


দুই ধাপের ইউপি নির্বাচনে প্রথম ধাপের ২৪ জনকে নৃশংসভাবে খুন করেছে আর ২য় ধাপে শিশুসহ ১১ জন হত্যার শিকার হয়েছে। এছাড়াও সারাদেশে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। বিনা ভোটে ৫ জানুয়ারির মত অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধুমাত্র নৌকা মার্কার প্রার্থী হওয়ায়।


বিভিন্ন জায়গায় গণমাধ্যমের দেখা গেছে পুলিশ সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট ডাকাতির সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। ভোটারবিহীন সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সংঘাতমুক্ত করার জন্য কৌশলগত কারণে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেছে। যা অত্যন্ত দুঃখজনক ও রাজনৈতিক বহির্ভূত একটি ঘটনা।


নির্বাচন কমিশনারের ভূমিকায় মনে হয় তারা ছাত্রলীগ-যুবলীগের মত নির্বাচন লীগে পরিণত হয়েছে। দেশে এত রক্ত এত খুন তারপরেও তারা প্রকাশ্যে মিথ্যাচার করতে দ্বিধাবোধ করছে না। নির্বাচন কমিশনারের এই নির্লজ্জ আচরণ দেশ ও জাতি একদিন ইতিহাসের কাঠগড়ায় দাড় করিয়ে তাদেরকে বিচারের আওতায় আনবে।


নেতৃবৃন্দ আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এদেশের সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে নিয়ে জেলায় জেলায় সাংস্কৃতিক মঞ্চ গড়ে তুলবে। সেই মঞ্চ থেকে দূর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে দুঃশাসনের পতন নিশ্চিত করা হবে।

এম আর