সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিপেটায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল মারাত্মক আহত হয়েছেন।
আজ (২৮ ফেব্রুয়ারি) রোববার সকাল আনুমানিক ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। নেতাকর্মীদের যাকে সামনে পায়, তাকে লাঠিপেটা করে। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এসময় লাঠির আঘাতে হাবিব-উন নবী খান সোহেল কোমরে জখম হয়েছে।
পুলিশের লাঠিপেটায় বিএনপি ও ছাত্রদলের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
উভয়পক্ষের সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “পুলিশের হামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল মারাত্মক জখম হয়েছেন। তার কোমরে বেশ কয়েটি সেলাই লেগেছে।”
শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এমবি





