আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসাসেবা দেওয়া বাংলাদেশি চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি।

আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় দেবী শেঠি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেবী শেঠির সাক্ষাৎকারের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে এই কথা বলেন।

ডা. দেবী শেঠি বলেন, “বাংলাদেশের চিকিৎসকেরা অসাধারণ চিকিৎসা প্রদান করেছেন। এর চেয়ে ভালো চিকিৎসা আপনি এমনকি উন্নত দেশগুলোতেও আশা করতে পারেন না।”

শেঠি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, এমন একজন খ্যাতনামা ব্যক্তির চিকিৎসা করতে স্থানীয় চিকিৎসকদের অনেক চাপের মধ্য দিয়ে কাজ করতে হয়।

সেতুমন্ত্রীর চিকিৎসার জন্য ডাকে দ্রুত সাড়া দিয়ে বাংলাদেশে আসা ডা. দেবী কে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ওবায়দুল কাদেরের চিকিৎসার ব্যাপারে আপনার মতামত শুনতে আমি উদগ্রীব ছিলাম।”

এর জবাবে ডা. দেবী বলেন, “আপনি যখনই ডাকবেন আমি বাংলাদেশে আসব।”

প্রধানমন্ত্রী শেঠির সঙ্গে দেশের চিকিৎসাসেবা সম্পর্কে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে বলেন, চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীরা যাতে¯স্নাতকোত্তর ও গবেষণার বিষয় এখানে সম্পন্ন করতে পারে, এ জন্য দেশে প্রথম এই ধরনের এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম ও রাজশাহীতেও এই ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শেষ পর্যায়ে রয়েছে।  

ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের উল্লেখযোগ্য আর্থসামাজিক উন্নতি হয়েছে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।

ডা. দেবী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর পরামর্শে অসুস্থ মন্ত্রীকে চিকিৎসার জন্য এয়ারবাসে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেতুমন্ত্রীকে পরীক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডা. দেবী এক ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রক্তচাপ ভালোর দিকে এবং তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। ডা. দেবী বলেন, অবস্থা গতকালের চেয়ে ভালো। তবে শঙ্কামুক্ত নয়। এখানকার চিকিৎসকগণ যথাসাধ্য চেষ্টা করেছেন।

উল্লেখ্য, গত ০৩ মার্চ (রোববার) রাত সাড়ে ৩টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ’তে নিয়ে ভর্তি করানো হয়।

তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। গতকালই (০৩ মার্চ) একটিতে রিং পরানো হয়েছে। ওবায়দুল কাদের বর্তমানে কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। 

এমবি