বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “অন্ন-বস্ত্রহীন মানুষের করুণ চাহনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। করোনা পরিস্থিতিতে সরকারের অব্যবস্থাপনায় চিকিৎসা ব্যবস্থায় অরাজকতা বিরাজ করছে। মানুষ হাসপাতালে জায়গা পাচ্ছে না, অক্সিজেনের অভাবে মানুষ ছটফট করছে।”

তিনি টিকা দান কর্মসূচীর অব্যবস্থাপনার প্রতি ইঙ্গিত করে বলেন, মানুষ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকা পাচ্ছে না, টিকা ব্যবস্থায় দলীয় প্রভাব খাটানো হচ্ছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার র্ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, “রুকনিয়াতের দায়িত্বকে হৃদয় দিয়ে অনুভব করে বাইয়াতের বন্ধনে আবদ্ধ থেকে দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে।”

শনিবার (১৪ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত ভার্চুয়ালি ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, “রুকন ভাই-বোনদের দায়িত্ব হচ্ছে অজুহাত না দেখিয়ে সব সময় তৎপর থাকা এবং ইখলাছের সাথে দায়িত্ব পালন করা।”

এদিকে, শনিবার জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত বিশেষ রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আখিরাতের সাফল্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বাত্বক চেষ্টা করাই মুমিনের প্রধান কাজ।

তিনি বলেন, দুনিয়ার ক্ষণস্থায়ী। রূপ-রস লাভ বা ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত দিকে প্রতিষ্ঠা লাভ চেষ্টার চেয়ে আখিরাতের সাফল্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বাত্বক চেষ্টা করাই একজন মুমিনের প্রধান কাজ ও একান্ত সাধনা হওয়া উচিৎ। দুনিয়ায় আল্লাহর খলিফা হিসেবে এটাই মানুষের প্রধান কর্তব্য। দুনিয়ার স্বপ্নে বিভোর না হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মানব সেবা এবং চিরস্থায়ী জান্নাত প্রাপ্তির জন্যে তিনি জামায়াতের সদস্য (রুকন) দের প্রতি আহবান জানান। এ জন্যই তাদের জীবনের কার্যক্রম ঢেলে সাজাতে হবে।

জামালপুর জেলা জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা ছামিউল হক ফারুকী।

এছাড়া জেলা সেক্রেটারি কবীর আহমদ হুমায়ুনসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দও সন্মেলনে বক্তব্য রাখেন।প্রেস বিজ্ঞপ্তি

এমবি