ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাজীপুরের একটি আদালত। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায়।

আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. শরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে গতকাল বুধবার রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করে র‍্যাব।

জিএমপির সহকারী উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জানান, আটকের পর গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে জিএমপির গাছা থানায় হস্তান্তর করে র‍্যাব। সেখানে র‍্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গতকাল বুধবার বলেছিলেন, ‘বুধবার (গতকাল) নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘রফিকুল ইসলাম মাদানী নানা সময়ে বিভিন্ন বিষয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রবিরোধী নানা উসকানিমূলক কথাবার্তা বলেন। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে।’

র‍্যাবের কর্মকর্তা বলেন, ‘শিশুবক্তার এসব ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

নেত্রকোনা জেলার বাসিন্দা রফিকুল ইসলাম ধর্মীয় বক্তা হিসেবে জনপ্রিয়। বয়সে যুবক হলেও শারীরিক গঠনের কারণে লোকজন তাঁকে ‘শিশুবক্তা’ বলে অভিহিত করে থাকেন। যদিও এই নাম নিয়ে তিনি নিজেও অনেক সময় আপত্তি করেছেন।

এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ চলাকালে রফিকুল ইসলাম মাদানীসহ ১১ জনকে আটক করা হয়। কয়েক ঘণ্টা আটকে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এএস