বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করতেই ১০ ট্রাক অস্ত্র মামলার দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার দুপুরে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ১০ ট্রাক অস্ত্র যারা উদ্ধার করেছিলেন, এতবছর পরে তাদের বিরুদ্ধেই ফাঁসির রায় দেয়া হলো। অন্যদিকে, প্রকৃত অপরাধীদের আড়ালেই রেখে দেয়া হলো।
তিনি বলেন, এই রায় গভীর ষড়যন্ত্রেরই অংশ। বিরোধী মতকে বিশেষ করে প্রধান বিরোধী দলকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে ১০ ট্রাক অস্ত্র মামলাকে সাজানো হয়েছে এবং রায় দেয়া হলো।   
সদ্য কারামুক্ত বিএনপির এই নেতা বলেন, দেশ এক সংকট পেরিয়ে আরেক গভীর সংকটের মধ্যে পড়েছে। জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্রের মুক্তি ঘটবে।
রিজভী আহমেদ বলেন, সরকার অগণতান্ত্রিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছিল। তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এতোসব কিছুর পরেও তিনি জাতীয়তাবাদী আন্দোলনের হাল ধরেছেন।
তিনি বলেন, আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করে রেখেছেন বেগম খালেদা জিয়া। আমাদের সংগ্রাম ছিল ন্যায় ও গণতন্ত্রের পক্ষে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সংগ্রাম করছি।
রিজভী বলেন, আমরা ছিলাম সত্যের পক্ষে, ন্যায় এবং মানুষের পক্ষে। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
কারাগারে আটক থাকা অবস্থায় যারা তার জন্য কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।
ঢাকা, জানুয়ারি ৩১ (টাইমনিউজবিডি.কম) // কে বি