বিষাক্ত পোল্ট্রি খাবারের ৪ কারখানা সিলগালাসহ ২০ কর্মচারীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এক কোটি টাকার বিষাক্ত পোল্ট্রি খাবার ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত রাজধানীর হাজারীবাগে পোল্ট্রি কারখানায় এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। এ অভিযানে সহযোগীতা করেছে র্যাব-৪।
র্যাব-৪ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ মাসুদ জানান, হাজারীবাগ থানাধীন রায়ের বাজার বদ্ধভূমির কাছে চামড়ার উচ্ছিষ্টাংশ পঁচিয়ে পোল্ট্রি খাবার তৈরি করা হতো। এই খাবার মুরগী, মাছ ও হাঁসের খাবার হিসেবে বিক্রি করা হতো।
এসব বিষাক্ত খাবার খেয়ে বেড়ে উঠা মুরগী বা মাছ মানুষ কিনে খায়। এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের খাবার খেয়ে বেড়ে উঠা মুরগী বা মাছ খেলে মানব দেহে ক্যান্সারের মতো বড় রোগ হতে পারে।
তিনি আরও জানান, ক্ষতিকর এসব মাছ ও মুরগীর খাদ্য তৈরি করার অপরাধে অভিযান চালিয়ে চারটি কারখানা সিলগালা করে দেওয়া হয়। এ সময় কারখানায় কর্মরত ২০ কর্মচারীর প্রত্যেককে আলাদাভাবে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদানও করা হয়।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





