‘সরকার ও নির্বাচন কমিশন (ইসি) পার্টনারশিপের ভিত্তিতে পৌরসভা নির্বাচনে মেয়রসহ কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাচ্ছে’- এমন অভিযোগ তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আওয়ামী সরকারের গেম থিওরির একটাই উদ্দেশ্য, তা হলো- মাঠে প্রতিপক্ষ না রাখা।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীসহ শাসকদলের লোকজনের বিরোধী দলকে গালাগালি করা এবং নির্মূল করার হুমকি দেওয়া যেন একটি ফ্যাশন।’

তিনি বলেন, ‘রোদ-ঝড়-বৃষ্টি বা গ্রীস্ম-শীত-বসন্ত নেই, আমাদের জাতীয় দিবসসহ বিভিন্ন উৎসবের দিনেও বিরোধী দলের নেতা-নেত্রীকে কষে গাল দিতে না পারলে যেন প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে যায়। তিনি গালাগালি ও সহিংস সন্ত্রাসের অভিনব আবিষ্কারক।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে হাজতে রেখে অভিনব সন্ত্রাসী পন্থাকে কাজে লাগিয়ে ভোট ডাকাতির উচ্চমাত্রা স্থাপনে তিনি পৃথিবীর সকল স্বৈরাচারকে হার মানিয়েছেন। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে না পারলেও গালিগালাজ ও সহিংস আক্রমণ জ্যামিতিক হারে বৃদ্ধি করেছেন। যার ব্যাপক প্রতিফলন দেশবাসী আগামী পৌর নির্বাচনের প্রাক্কালে দেখতে পাচ্ছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা গর্হিত, অনভিপ্রেত এবং গণতন্ত্রের নামে চরম লজ্জার।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে ভোটারবিহীন সরকারের অশুভ তেজারতি জনগণের বুঝতে বাকি নেই। সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সেজন্য তারা জবাবদিহিতার প্রয়োজন মনে করে না বলেই এত অভিযোগ। সরকার নির্লজ্জ হয়ে পড়েছে বলেই জনগণের সমালোচনাকে অগ্রাহ্য করে নির্বাচনী ফলাফলকে আত্মসাৎ করতে উঠে-পড়ে লেগেছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ অবশ্যই গণতন্ত্রকে উদ্ধার করবে, তাতে যতই ‘ডিক্টেটরিয়াল কন্ট্রোল’ মানুষের ওপর আরোপ করা হোক না কেন। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ ভোটাররা নির্বাচনের দিনে ভোট দিবেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল আলম লিলন হত্যায় রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলসহ বিএনপি ও যুবদলের ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক চার্জশিট দেওয়া হয়েছে। আমরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও চার্জশিট প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এমএইচ