বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিয়মতান্ত্রিক পথে হাঁটলে আপনাদের মঙ্গল হবে।তবে অনিয়মতান্ত্রিক কোন পথে হাঁটলে আপনাদের এমনভাবে মোকাবেলা করা হবে যাতে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে 'জনতার প্রত্যাশা' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, আগামী একাদশ নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না। কারণ দশম সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই।
তিনি বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।
তিনি আরও বলেন, বিএনপি হুমকি দিচ্ছে কঠোর থেকে কঠোর আন্দোলন করে সরকার পতন ঘটাবে। আমি বলতে চাই, ২০১৩ সালের শেষের দিকের মত সহিংস কোনো তান্ডব করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতর হবে।
সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক বলরাম পোর্দ্দার প্রমুখ।
এমআর





