আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির ‘সম্পদ’ হিসেবে অভিহিত করেছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, শেখ হাসিনার একটি কথায় বিএনপির যত ভোট বাড়ে, তত ভোট বাড়াতে বিএনপির নেতাকর্মীদের অনেক কষ্ট করতে হয়।

শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনালিস্ট রিচার্স ফাউন্ডেশন আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘উন্নয়ন ভাবনা ও আগামীর বাংলাদেশ ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের জড়ানোর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন, দলকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি সরকারের সময়ে ওই হামলা চালানো হয়েছিলো।

মহানগর বিএনপির এই সদস্য সচিব বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের মেরে রাজনীতি করতে হবে, সেই রাজনীতি বিএনপি করেনা। শেখ হাসিনার নিরাপত্তার প্রয়োজন হলে তারেক রহমানের কাছে রিকোয়েস্ট করতে পারে। আমরাই তাকে নিরাপত্তা দেব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে অনেকেই বিএনপির কাছে ঋনী কিন্তু বিএনপি কারো কাছে ঋনী নয়। শেখ হাসিনাকেও এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান।’

৯০’এর অর্জিত গণতন্ত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা ধুলিসাৎ করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, তারেক রহমান তাদের প্রজ্জলিত সমস্যা। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

গণতন্ত্র ‘প্রকৃত পথে’ আনার জন্য বিএনপির আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রত্যয় ব্যক্ত করেন সোহেল বলেন, ঢাকা মহানগর বিএনপিকে নিয়ে সবাই অনেক বেশি প্রত্যাশা করছে। অচিরেই তাদের সেই প্রত্যাশা পূলন হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. মাইমুল আহসান খান, মো: মামুন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ব্যারিষ্টার কায়সার কামাল, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, হাফেজ ক্বারী মো: রফিকুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমূখ।

ঢাকা, এমএইচ, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি,কম, এসআর