বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি সভ্য সমাজে এভাবে ‘হতাকাণ্ড’ চলতে পারে না। কে, কোথায়, কেন গুম হয়ে যাচ্ছে,সরকারকে সেজন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আখতার মাহমুদ বিরচিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও তারেক রহমান’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের গণতন্ত্র নিহত হওয়ার উপক্রম হয়েছে মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনা আজ হুমকির সম্মুখীন। দেশের অস্তিত্ব বিপন্ন। ৭৫’এর মতো এখনও গণতন্ত্র হত্যার চক্রান্ত হচ্ছে। গণতন্ত্র রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
‘বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে’ সমালোচকদের এমন মন্তব্যের বিপরীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয় নি। ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের মাধ্যমে মানুষ বিএনপি এবং খালেদা জিয়াকে জয়ী করেছেন। আর ৬০ বছরের পুরোনো দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
নির্বাচনে প্রমান হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এজন্য নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার প্রয়োজন।
তিনি বলেন, যারা হতাশার কথা বলেন তারা ভুল করেন। কারণ প্রতি রজনীর পরেই আসে নতুন সুর্যোদয়। তাই শিগগিরই বিএনপিও নতুন সুর্যোদয় ঘটাবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সমার্থকরা শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা বলেন। মূলত ৫ জানুয়ারি তার হাতেই গণতন্ত্রের মৃত্যু হয়েছে।
তারেক রহমান জাতীয়তাবাদী চেতনার একজন ধারক উল্লেখ করে মির্জা আলমগীর বলেন, দেশের রাজনীতিতে তারেক রহমান অন্যরকম উদাহরণ সৃষ্টি করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম ) // কেএইচ[/b]