জামায়াতের সেক্রেটারী জেনারেল ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দদের এই রমযানের আগেই মুক্তির দাবিতে আগামী ৮ জুন সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুর রহমান বলেন,“সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘ ৫ বছর যাবত অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধে মিথ্যা, বায়বীয়, কাল্পনিক ও সাজানো অভিযোগের ভিত্তিতে বিচারের নামে প্রহসনের আয়োজন করে জামায়াত নেতৃবৃন্দকে সরকার একে একে হত্যা করছে।

তিনি বলেন, সরকারের দায়ের করা মিথ্যা মামলা দলীয় লোকদের দ্বারা সাজানো সাক্ষী দিয়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দেশের জনগণ সরকারের এ ষড়যন্ত্র ও পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে।

আগামী ১৮ জুন থেকে পবিত্র মাহে রমযান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমযান শুরুর পূর্বেই জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি জানান তিনি।

ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

এমকে