বিশ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন আওয়ামী লীগের নীতি হলো ‘বিচার মানেই তালগাছ আমার’। এবার তারা দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। কিন্তু প্রধান বিচারপতিকে নিয়ে কোন রকম কটুক্তিকর অবমাননা বাঙ্গালী জাতি সহ্য করবে না।
ফাঁসির রায় আওয়ামী লীগের বিপক্ষে গেলে প্রধান বিচারপতির অবস্থা কি হবে তা এখনই বলা শুরু করেছে সরকারের মন্ত্রী এমপিরা। এতেই স্পষ্ট বোঝা যায় বিচার বিভাগের স্বাধীনতা কার হাতে।এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এভাবে নিরীহ মানুষকে বিচারের নামে প্রহসন করে হত্যা হত্যা করবেন না। সরকারী নাটক দেখলে জনগন বুঝতে পারে কে দোষী আর কে নির্দোষী। আপনাদের অভিনয় জাতি বুঝতে পেরেছে।
আজ শনিবার আসাদগেট জিইউপি মিলনায়তনে যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে যুব জাগপা ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান একথা বলেন। প্রধান পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দুমঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বরের হত্যাকাণ্ডের কঠোর নিন্দা করে বলেন, দেশবাসী জানতে চায় কাদের ইঙ্গিতে কারা দমে দমে মসজিদ-মন্দির-বৌদ্ধ বিহার ও গীর্জায় হামলা চালাচ্ছে?
তিনি বলেন, সরকারের দুঃশাসনে বিদেশীদেরও নিরাপত্তা নাই। এই ভোটারবিহীন সরকার কারো বন্ধু নয়। দেশবাসী জানতে চায় স্বাধীনতার পর কারা সংখ্যালঘুদের জমি ও সম্পত্তি দখল ও লুট করেছে। এমনকি হিন্দু মহাজোট পর্যন্ত আওয়াজ তুলেছে এ জামানায় প্রতিদিনই কোনো না কোনো হিন্দুর বাড়ি-ঘর জমিজমা দখল হচ্ছে।
ইউপি নির্বাচন প্রসঙ্গে প্রধান বলেন, এ নির্বাচনে কারো ঘরে তালা আর কারো গলায় মালা। ২০৪১ পর্যন্ত আওয়ামী ভোটে যদি আওয়ামীওলারাই নির্বাচিত হতে থাকে তবে জনগণের ভোট হবে কবে। জোয়ার-ভাটার এই মুল্লুকে জনগণকে গোলাম বানিয়ে রাখা যায় না। আইয়ুব-ইয়াহিয়া বাকশাল ও ’৯০-এর আন্দোলন থেকে শিক্ষা নেন। আপাততঃ নিরাবতা প্রচণ্ড ঝড়েরই পূর্বাভাস। দেশপ্রেমিক জনগণকে মনে রাখা দরকার দিল্লির সেবাদাস শাসন ও বুলেট মার্কা নির্বাচন কমিশন বহাল রেখে কোন পরিবর্তন সম্ভব নয়।
যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি খোরশেদ আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম জুয়েল, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, যুব নেতা মিজানুর রহমান, নগর যুব জাগপার সহ-সভাপতি মোঃ সেলিম, মোঃ ইসহাক মীর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফেরদৌস, নগর নেতা নুর মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ মীর, জাগপা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ফারুকী, শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, আবু নাঈম, নগর ছাত্রনেতা মোঃ মানিক, নুর আলম প্রমুখ।
এসটি





