বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলাফল।
এবারের নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে দলটিকে নানা বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় বিএনপি। দলটির দীর্ঘদিন মিত্র জামায়াতে ইসলামী হয়ে উঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হয় ভোটের লড়াইয়ে।
নির্বাচনের আগে নানা জরিপে বিএনপির বিজয়ের কথা উঠে আসে। যদিও ভিন্ন চিত্র উঠে আসা জরিপও পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামী জোট ক্ষমতায় যাবে বলে একটা গুঞ্জনও ছিল। তবে শেষ পর্যন্ত বিএনপি বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরছে।
তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী বিশাল সফলতা পেয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের এমন কিছু এলাকায় দলটি আসন পেয়েছে যা আগে কখনো পায়নি। তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের মধ্যেও জামায়াত ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।
এনএইচ