আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিশ্বের সকল গণতান্ত্রিক দেশেই বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে রয়েছে। সেটা বাংলাদেশেও ছিল ১৯৭৮ সালে জিয়াউর রহমান এ আইনটি পরিবর্তন করেছিল।এই ভুলটাকেই আমরা সংশোধন করছি মাত্র।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের ওয়াপদা অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আলোচনা সভার আয়োজন করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ।

বাকশাল কায়েমের জন্য বিচারপতিদের অভিসংসনের বিল মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংসদ জনগণের প্রতিনিধিত্ব করেন। গণতন্ত্রের কথা বলেন। সুতরাং আপনি যদি একথা বুঝে বলে থাকেন তাহলে, এই দ্বৈতনীতি থেকে বেরিয়ে আসুন।

তিনি বলেন, কয়েকদিন আগে জাতীয় সম্প্রচার নীতিমালার অনুমোদন হয়েছে। টেলিভিশন কর্তৃপক্ষ এটা চেয়েছে বলে আমরা দিয়েছি। ওই নীতিমালা আমরা করিনি। মালিকপক্ষ, সাংবাদিক, শিক্ষক ও এনজিও কর্মীদের সমন্বয়ে গঠিত একটা বোর্ডের মাধ্যমে এ নীতিমালা করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, যারা বিভিন্ন সময় আমাদের পরামর্শ দেন তাদের দেশেই বঙ্গবন্ধুর খুনীরা আশ্রয় নিয়েছে। কিন্তু তারা সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আযম খসরু প্রমুখ।

ঢাকা, এমআর, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ