বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, র‌্যাব এখন মানুষ মারার কন্ট্রাকটারে পরিনত হয়েছে। তারা টাকার বিনিময়ে মানুষ খুন করছে। তাই এই র‌্যাবের আর প্রয়োজন নাই।
বুধবার বিকালে মুন্সীগঞ্জের লক্ষ্মীগঞ্জে জেলা বিএনপি আয়োজিত জনসভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও দুর্নীতির প্রতিবাদে জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের নীতি হলো জোর করে জমি দখল করা। তারা র‌্যাবকে দিয়ে টাকার বিনিময়ে অপহরণ গুম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401284233.jpg[/img]
বিএনপি চেয়ারপারসন বলেন,  ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ বলেছিল সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলে তারা ভোট দেবে। সকল দলের অংশগ্রহণ নির্বাচন হয়নি বলে তারা ভোট দেয়নি। কাজেই আওয়ামী লীগ এ নির্বাচনে কোন ভোট পায়নি। এ সংসদ অবৈধ সংসদ। এ সরকার অবৈধ।
তিনি বলেন, দশম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। কাজেই এ দেশে কোনো নির্বাচন হয়নি। সারাদেশের মানুষ টেলিভিশন ও খবরের কাগজে দেখেছে নির্বাচন কেন্দ্রে মানুষের কোন লাইন ছিল না। নির্বাচন কেন্দ্রে কুকুরের লাইন ছিল। এই হলো ৫ জানুয়ারির নির্বাচন।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, ড. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]