চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের উদ্যোগ গ্রহণের দাবিতে ঢাকা অভিমূখে শান্তি অভিযাত্রা বা “মার্চ ফর পিস” করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

রেজাউল করীম বলেন, দেশে একটি ভয়াবহ রাজনৈতিক সঙ্কট চলছে। ক্ষমতাসীন সরকারকে এটি গভীরভাবে উপলব্ধি করতে হবে। সঙ্কটের মূলে না গিয়ে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সবকিছু সমাধান করে ফেলার হঠকারী চিন্তায় দিন দিন অশান্তি শুধু বাড়বেই, স্থিতিশীল পরিস্থিতি কিছুতেই ফিরে আসবে না।

এ সময় তিনি জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রাজনৈতিক সঙ্কট সমাধানে উদ্যোগ গ্রহনের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ ফেব্রুয়ারি ঢাকায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন (গাবতলী থেকে যাত্রাবাড়ী), ৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলায় জেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন এবং ১৩ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিটি উপজেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন ।

এই কমসূচির মধ্যেও যদি সঙ্কট সমাধানের উদ্যোগ নেয়া না হয় তাহলে সারাদেশের শান্তিকামী ও দেশপ্রেমিক সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সাদা পতাকা নিয়ে ঢাকা অভিমুখে শান্তি অভিযাত্রা বা “মার্চ ফর পিস” কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান চরমোনাই পীর।

এএইচ