শনিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তার হাতে ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে হাফেজ জাকারিয়া শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এমন অসাধারণ অর্জন প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে।
তিনি বলেন, হাফেজ জাকারিয়ার মতো কৃতী সন্তানদের অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহিত করা হলে দেশের অন্যান্য মেধাবী শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে উৎসাহিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার পরিবারের সদস্য, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএম