ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আজ (০২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাতে বিএনপির হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট।
জোটের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিএনপির হরতালে সমর্থন দিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারীসহ জোটের নেতারা।
দুই সিটি নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল (শনিবার) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”
বিএনপি সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০১৭ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল দিয়েছিল। দীর্ঘ বিরতির পর আগামীকাল (০২ ফেব্রুয়ারি) আবারও হরতালের ডাক দিলো জাতীয়তাবাদী এই দলটি।
তিন বছর ১০ মাস ১১ দিন পর আবারও বিএনপি হরতাল পালনের আহ্বান জানালো বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এমবি





