বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগ করতে বললেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।
মায়া বলেন, যে নেত্রী হরতাল ডেকে রাস্তায় নামেন না এবং দলের নেতাকর্মীরা তার কথা শোনেন না তার (খালেদা জিয়া) এখনই পদত্যাগ করা উচিত।
সোমবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন খালেদা জিয়ার ভালো লাগে না। তার ভালো লাগে পাকিস্তান ও জঙ্গিবাদ। যারা হরতাল ডেকে রাস্তায় নামে না তাদের হরতালের প্রতি ধিক্কার জানাই।
উপস্থিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা হরতাল ডেকেছে তারা তো রাস্তায়ই নামেন নি। তাদের দেখেলে ধইরা মিষ্টি খাওয়াইয়া দিতেন ও স্বাস্থ্য ভালো কইরা দিতেন। এখন যেহেতু নাই তো কি করবেন?
তিনি বলেন, আন্দোলন করতে কলিজা লাগে। বন্ধুকের নল দেখে পালিয়ে গেলে আন্দোলন হয় না। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথ থেকে পালিয়ে যায় না। গুলি করলে আওয়ামী লীগ নেতারা জামার বোতাম খুলে গুলি বুকে ধারন করে নেয়।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
ঢাকা, এমআর ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





